নোটিশ দিয়েও নদ থেকে উচ্ছেদ হয়নি স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রহ্মপুত্র নদের জায়গা থেকে ভাই ভাই স্পিনিং মিলের স্থাপনা উচ্ছেদে প্রায় দুই বছর আগে চূড়ান্ত নোটিশ দেয় জেলা প্রশাসন। অভিযান পরিচালনার জন্য তখন নির্বাহী হাকিমও নিয়োগ দেওয়া হয়। কিন্তু এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারেনি প্রশাসন।
জানা গেছে, আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বিনাইরচর গ্রামে ২০১২ সালে ব্রহ্মপুত্র নদের একটি অংশে বালু ভরাট করে ভাই ভাই স্পিনিং মিলের অংশবিশেষ নির্মাণ করা হয়। শুধু নদ দখলই নয়, মিলটি নির্মাণের সময় নদের তীরের কয়েক শ গাছ কেটে ফেলা হয়। বাঁশের খুঁটি পুঁতে ড্রেজিং মেশিন দিয়ে বালু ভরাটের মাধ্যমে নদ দখল করে মিলের মালিকপক্ষ। পরবর্তী সময়ে সেখানে মিলের পুরো স্থাপনা নির্মাণ করা হয়। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন, শৃঙ্খলা অধি-শাখা) মো. শাহ আলম নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশে আড়াইহাজার উপজেলা ভূমি কার্যালয় ও ব্রাহ্মণদী ইউনিয়ন ভূমি কার্যালয় যৌথভাবে নদের তীর ও সংলগ্ন এলাকায় জরিপ চালায়। জরিপে নদ ও তীরবর্তী সরকারি আরএস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৫০১ দাগে ৬৬ দশমিক ৭৫ শতাংশ জায়গা দখলে নিয়ে মিলের দেয়াল, বিদ্যুতের সাবস্টেশন, আধা পাকা মিলঘর, পাওয়ার হাউস ভবন নির্মাণের প্রমাণ পাওয়া যায়।
জরিপের পরিপ্রেক্ষিতে নদের জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ভাই ভাই স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লাক মিয়াকে ২০১৩ সালের ৩০ জানুয়ারি ও ২০ ফেব্রুয়ারি দুই দফায় নোটিশ দেওয়া হয়। পরে জেলা প্রশাসন একটি উচ্ছেদ মামলা করে। সর্বশেষ জেলা প্রশাসনের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) রহিমা খাতুন ২০১৩ সালের ৬ মে লাক মিয়াকে চূড়ান্ত নোটিশ দেন। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে দখলকৃত জমি সরকারের অনুকূলে হস্তান্তর ও যাবতীয় স্থাপনা অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু পরে আর কোনো পদক্ষেপ নেয়নি জেলা প্রশাসন।
ছোট বিনাইরচর গ্রামের বাসিন্দা সোনা মিয়া বলেন, প্রশাসনের নাকের ডগায় নদ ভরাটের ঘটনা ঘটলেও দখলদার প্রভাবশালী ও ধনী হওয়ায় প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
গ্রামের বাসিন্দা বজলুর রহমান বলেন, ব্রহ্মপুত্র নদের তীরে বাঁশতলা ঘাটে একসময় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা বসত। লাক মিয়া নদ দখল করে ফেলায় সেই মেলা বন্ধ হয়ে গেছে। নদের বিরাট অংশ ভরাট করে ফেলায় নদের গতিপথ ও সীমানা পরিবর্তন হয়ে গেছে।
গত ২৮ মে লাক মিয়া আওয়ামী লীগের মনোনয়নে ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার রাতে লাক মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর মিলে নদ বা সরকারি জমি নেই। নোটিশের বিষয়ে তিনি বলেন, মিলের দেয়াল নদের জায়গায় পড়েছে বলে অনেক আগে নোটিশ দেওয়া হয়েছিল। সেই দেয়াল ভেঙে ফেলা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ভাই ভাই স্পিনিং মিল ব্রহ্মপুত্র নদ দখল করে যে স্থাপনা নির্মাণ করেছে, তা উচ্ছেদের জন্য নির্বাহী হাকিম ইসমত উল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পরবর্তী সময়ে তা আর কার্যকর হয়নি। এ ছাড়া আমি নতুন দায়িত্বে এসেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’