নোটিশ মানছে না, স্থাপনা উঠছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূসম্পত্তি বিভাগের দেওয়া নোটিশের তোয়াক্কা না করে রেলওয়ের জমিতে অবৈধ ভবন নির্মাণ অব্যাহত রেখেছেন দখলকারীরা। দখলকারীরা একর পর এক স্থাপনা নির্মাণ অব্যাহত রাখায় অসহায় হয়ে পড়েছে রেলওয়ে প্রশাসন।
সৈয়দপুর রেলওয়ে ও স্থানীয় লোকজন জানান, গত এপ্রিল মাসজুড়ে নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে রেলওয়ের জমিতে বসবাসকারী ১৫১ জন দখলদারকে নোটিশ দেয় ভূসম্পত্তি বিভাগ। পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় ভূমি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ ওই নোটিশ দেন৷ কিন্তু নোটিশের তোয়াক্কা করেননি কেউ। গত বৃহস্পতিবার পর্যন্ত কোনো স্থাপনাই সরিয়ে নেওয়া হয়নি৷
নোটিশে বলা হয়েছে, রেলের জিমতে অবৈধভাবে বসবাসকারীদের সাত দিনের মধ্যে তাঁদের স্থাপনা সরিয়ে নিতে হবে। ৬ মে নোটিশের সময়সীমা শেষ হয়েছে।
গতকাল রোববার দুপুরে সৈয়দপুর শহরের মিস্ত্রীপাড়ায় রেলওয়ের একটি জলাশয় বন্ধ করে সেখানে স্থাপনা তৈরি করতে দেখা যায়। স্থাপনাটি নির্মাণ করছিলেন রেলওয়ে হাসপাতালের অবসরপ্রাপ্ত কর্মচারী রফিকুল ইসলাম। তিনি বলেন, জায়গাটি তিনি ইজারা নিয়েছেন। কিন্তু এ সম্পর্কিত কোনো কাগজ তিনি দেখাতে পারেনিন৷
সাহেবপাড়া মহল্লায় মোজাফফর হোসেন পাপ্পু, জব্বার আলী, মনোয়ার হোসেন, সামসুল হকসহ অনেকেই পেয়েছেন উচ্ছেদ নোটিশ। তাঁরা জানান, দখল ছেড়ে দিলে দুদিন পরই অন্যরা এটি দখল করে নেবে৷ তাই এখনো তাঁরা জায়গা ছাড়েননি৷
গতকাল দুপুরে শহরের লন্ডাবাজার এলাকা রেলওয়ের জমিতে দুটি দোকানঘর নির্মাণ চলছিল। এর দখলদার আবদুস সোবহানকেও উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি নোটিশের তোয়াক্কা করছেন না৷ কথা বলতে চাইলে তিনি সটকে পড়েন৷ নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তাঁরা সোবহানের কথায় কাজ করছেন৷ জমি রেলওয়ের কি না তা তাঁরা জানেন না৷
রেলওয়ের পূর্ত বিভাগ সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ের সাড়ে তিন শ একর জমি অবৈধ দখলে চলে গেছে৷ আড়াই হাজার রেলওয়ে কোয়ার্টারের মধ্যে ১১০০ ইউনিট বেদখল রয়েছে৷ দখলকারীরা বেশির ভাগই স্থানীয় প্রভাবশালী ব্যক্তি৷
রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রিয়াদ আহমেদ বলেন, এ নিয়ে দখলকারীদের কোনো মাথাব্যথা নেই। সম্প্রতি সৈয়দপুর থেকে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের কার্যালয় স্থানান্তরিত হওয়ায় ভূমি দখলের বিষয়ে সেভাবে তদারক করা যাচ্ছে না।
শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোিনতে জমির দখলদার নাজিব আহমেদ বলেন, ‘রেলওয়ের এস্টেট ডিপার্টমেন্ট (ভূসম্পত্তি বিভাগ) থেকে নোটিশ পেয়েছি। সে অনুযায়ী অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে৷’ এখনো কেন জমি দখলে রেখেছেন এ বিষয়ে তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে কখনো বাধা দেয়নি৷
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসেন বলেন, দখলবাজদের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে৷ দ্রুত উচ্ছেদ তৎপরতা চালাতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে৷
রেলওয়ের পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) মোস্তাক আহমেদ বলেন, দখলবাজদের কারণে রেলওয়ে খাত রাজস্ববঞ্চিত হবে, এটা হতে পারে না। শিগগিরই দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে৷