নোটিশ যায় উচ্ছেদ হয় না

বছর খানেক আগে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের বংশী নদীর তীর ও নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়। দখলদারদের তালিকা করলেও উচ্ছেদ কার্যক্রম এগোয়নি। গত ১০ মাসে একটি স্থাপনাও ভাঙা হয়নি।
সাভারের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাভারের নয়ারহাট এলাকার বংশী নদীর পূর্ব পাড়ে নদী ভরাট করে গড়ে তোলা ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার জন্য চলতি বছরের জুলাইয়ে ঢাকা জেলা প্রশাসকের দপ্তরে নথি পাঠানো হয়। জেলা প্রশাসন থেকে নথি অনুমোদনের পর গত আগস্টে অবৈধ দখলদারদের নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে দখলদারদের নিজ নিজ স্থাপনা ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ পাওয়ার পর তিন মাস পেরিয়ে গেলেও কোনো স্থাপনাই ভাঙা হয়নি।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে সাভারের নামাবাজার এলাকায় কয়েক হাজার দখলদারের মধ্যে মাত্র ২৯ জনের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে উচ্ছেদ নথি পাঠানো হয়। জেলা প্রশাসন থেকে ওই সব নথি অনুমোদন করে উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। কিন্তু এরপর প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়নি। উপরন্তু ওই এলাকায় নতুন করে অবৈধ স্থপনা গড়ে উঠছে।
সম্প্রতি নামাবাজারের পাশে বাঁশপট্টি এলাকায় নদীর তীর দখল করে প্রায় এক একর সরকারি জমি ভরাটের খবর পেয়ে এ প্রতিবেদক ঘটনাস্থলে যান। সত্যতা পেয়ে প্রথম আলোর পক্ষ থেকে বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্যাকে জানানো হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের তাঁর কার্যালয়ের সার্ভেয়ার সাইফুল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সাইফুল কোনো ব্যবস্থা না নিয়ে বাঁশপট্টি এলাকায় নদীর তীর দখল করে মাটি ভরাটের কোনো অস্তিত্ব খুঁজে পাননি বলে সহকারী কমিশনারকে জানান। এরপর ওই স্থানে স্থাপনা তৈরির কাজ শুরু হলে মুঠোফোনে ছবি তুলে ইউএনওকে দেখালে তিনি পুনরায় সহকারী কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের এ প্রতিবেদককে বলেন, ‘আপনার কাছ থেকে নিশ্চিত হয়ে সপ্তাহ খানেক আগে অভিযান চালিয়ে নির্মাণসামগ্রী জব্দ করা হয়েছে।’ বাঁশপট্টির অদূরে ভুসি পট্টিতে নদীর ওপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছেন ধামরাইয়ের ফোর্ডনগরের করিম আহাম্মেদ। বর্তমানে নির্মাণাধীন ওই ভবনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। জানতে চাইলে করিম আহাম্মেদ বলেন, ‘আমি সরকারি জায়গায় ভবন নির্মাণ করছি। মানুষের জমি দখল করে তো আর ভবন নির্মাণ করছি না।’
সরেজমিনে সাভারের তেঁতুলঝোড়া থেকে নয়ারহাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বংশী নদীর তীর ও নদী দখলের ভয়াবহ চিত্র চোখে পড়ে। নদীর ওই অংশে গড়ে তোলা হয়েছে কয়েক শ পাকা ও আধা পাকা স্থাপনা। স্থাপনার সব কটিই অবৈধ বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, দখলদারদের বেশির ভাগই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। এ কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এ ছাড়া ভূমি কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা টাকা নিয়ে কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখেন। ইউএনও কামরুল হাসান মোল্লা বলেন, যেকোনো মুহূর্তে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে।
ঢাকা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, যাঁরা নদী ও খালবিল দখল করে স্থাপনা নির্মাণ করছেন, তাঁদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। শিগগিরই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।