নোটিশের পরও নাছিরের পক্ষে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনই দলীয় বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমে চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ উঠছে। বিধি অনুযায়ী ৭ এপ্রিলের আগে প্রচারণা চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। অথচ মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে নেতা-কর্মীদের নির্দেশ দিচ্ছেন।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১ এপ্রিল রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের পক্ষে লিখিত অভিযোগ করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত আচরণবিধি ভঙ্গের পাঁচটি লিখিত অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরের বিরুদ্ধে।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাঁচটি অভিযোগ দিলেও এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে দেখছি না। লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ক্ষমতাসীন দলের সমর্থনপুষ্ট প্রার্থী ও মন্ত্রীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁদের কর্মকাণ্ডে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মনে শঙ্কা দেখা দিয়েছে। এসব তৎপরতা বন্ধ করা দরকার।’
আ জ ম নাছিরের পক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর বৈঠকের বিষয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘বিষয়টি তদন্তের পর নির্বাচন কমিশন সচিবালয়কে জানানো হবে।’
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ করা হয়েছে তার মধ্যে রয়েছে, মোটর শোভাযাত্রা নিয়ে নাছিরের মনোনয়ন জমা দেওয়া, কালুরঘাটে নাছিরের পক্ষে পুলিশ কমিশনারের পরোক্ষ প্রচারণা, চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসীর মতবিনিময় সভায় নাছির ও মন্ত্রী মোশাররফ হোসেনের ভোট প্রার্থনা এবং মন্ত্রী মোশাররফ হোসেনের নেতৃত্বে পেনিনসুলায় রুদ্ধদ্বার নির্বাচনী বৈঠক।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ৩০ মার্চ আ জ ম নাছিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হলেও গতকাল বিকেল পর্যন্ত কোনো জবাব আসেনি বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে মোহাম্মদ মনজুর আলম ও জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী সোলায়মান শেঠকেও।
তবে আ জ ম নাছিরের নির্বাচন পরিচালনাসংক্রান্ত পরিষদ নাগরিক কমিটির চেয়ারম্যান ইসহাক মিয়া বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেগুলো করেছি সেগুলো নির্বাচনী সভা নয়। বৈঠকে আমরা বিএনপির চলমান আন্দোলন নিয়ে কথা বলেছি। আর মন্ত্রীদের যেসব কথা বলা হচ্ছে, এটা সত্য নয়। আমরা ৮ এপ্রিল থেকে কীভাবে প্রচারণা চালাব, তা নিয়েই বৈঠক করেছি। আমাদের সভার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’
সরকারি দায়িত্বে থাকার পরও নাছিরের সমর্থনে প্রচারণা চালানোর অভিযোগের বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘আমি একজন চুক্তিভিত্তিক সরকারি কর্মকর্তা। আবার রাজনীতিও করি। দলীয় প্রার্থীকে সমর্থন করতে হচ্ছে। তবে সরকারি নিয়ম ও বাধ্যবাধকতা মেনেই প্রার্থীকে সমর্থন করার চেষ্টা করছি। যদি তার ব্যত্যয় ঘটে, সেটা কমিশন দেখবে। গতবারও এ নিয়ে একটি প্রশ্ন উঠেছিল।’
২০১০ সালের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আবদুচ ছালামকে নির্বাচন কমিশন কারণ দর্শানো নোটিশ দিয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল বাতেন বলেন, ‘লক্ষ করেছি, তিনি (সিডিএ চেয়ারম্যান) দলীয় সভায় যাচ্ছেন। প্রার্থীর কোনো নির্বাচনী প্রচারণায় যোগ দিলে তখন তাঁকে কারণ দর্শানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।’
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, ‘কালুরঘাটে হকার পুনর্বাসনের একটি অনুষ্ঠানে আমি কেবল বলেছি যোগ্য প্রার্থী নির্বাচন করতে, যাঁরা শহরকে পরিচ্ছন্ন রাখবেন। কোনো প্রার্থীকে ছোট করে কিংবা কারও পক্ষে প্রচারণার অংশ হিসেবে আমি এগুলো বলিনি। আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আ জ ম নাছিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।