নোটিশের পরও ভাঙা হয়নি ভবনের নকশাবহির্ভূত অংশ
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নোটিশ দিলেও প্রায় ৩০টি ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণ করছেন না মালিকেরা। অপসারণের জন্য তাঁরা নিজেরাই সিডিএর কাছ থেকে সময় নিয়েছিলেন। ইতিমধ্যে নোটিশে বেঁধে দেওয়া সময় পার হয়ে গেছে।
এ পরিস্থিতিতে আবারও অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে সিডিএ। কিছুদিনের মধ্যে এ অভিযান শুরু হবে বলে জানান সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিডিএর অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামীম প্রথম আলোকে বলেন, ‘ভবনের নকশাবহির্ভূত অংশ অপসারণের জন্য মালিকদের নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে নোটিশ দেওয়া হয়। কিন্তু অনেকেই তাঁদের ভবনের অবৈধ অংশ অপসারণ করেননি।’ তিনি বলেন, কিছুদিনের মধ্যে আবার এলাকাগুলোতে অভিযান চালানো হবে। তখন ভবনের অবৈধ অংশ অপসারণ করা হবে।
সিডিএ সূত্র জানায়, গত মাসে দুই দফা অভিযান চালানো হয়৷ সিডিএর পরিদর্শক দল গত ৬ মে নগরের চট্টেশ্বরী মোড় থেকে মেহেদীবাগ পর্যন্ত প্রথম দফা অভিযান পরিচালনা করে। অভিযানে ২১টি ভবন চিহ্নিত করা হয়; যেগুলো নির্মাণ করা হয়েছে সিডিএর অনুমোদিত নকশার বিচ্যুতি ঘটিয়ে। সিডিএর পরিদর্শক দল অভিযানে প্রমাণ পায়, এসব ভবনের সীমানাপ্রাচীর ও বাগান নির্মাণ করা হয়েছে সড়কের জায়গা দখল করে। এসব ভবনের অবৈধ অংশ অপসারণের জন্য ২১ মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। প্রত্যেক ভবনমালিককে নোটিশ দেয় সিডিএ।
সূত্র জানায়, সিডিএ দ্বিতীয় দফা অভিযান চালায় ১৯ মে। নগরের চকবাজার থেকে কাপাসগোলা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সিডিএর পরিদর্শক দল এ সময় নকশাবহির্ভূত অন্তত ৬০টি ভবন চিহ্নিত করে। পরিদর্শক দল তাৎক্ষণিকভাবে ৫০টি ভবনের অবৈধ অংশ অপসারণ করে। অন্য ভবনগুলোর নকশাবহিভূর্ত অংশ অপসারণের জন্য সাত দিন সময় বেঁধে দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময় পার হলেও নোটিশ দেওয়া ভবনগুলোর অবৈধ অংশ অপসারণ করা হয়নি। শুধু নগরের মেহেদীবাগ এলাকায় একটি ভবনের সীমানাপ্রাচীর নিজ উদ্যোগে অপসারণ করেছেন ভবনমালিক।
সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘ভবনের ব্যতিক্রমী নির্মাণ, সড়কের জন্য ছাড়কৃত জায়গায় স্থাপনা নির্মাণ এবং ঝঁুকিপূর্ণ ভবন অপসারণের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এ জন্য নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে।’