নোট-গাইড পাঠ্যসূচিভুক্ত করতে অর্ধকোটি টাকার লেনদেন?
পয়লা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষে সিলেবাস-বহির্ভূত ব্যাকরণ বই ও নিষিদ্ধ নোট-গাইড পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ২১৪টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শ্রেণিশিক্ষক, শিক্ষকনেতা ও সংশ্লিষ্ট শিক্ষক সমিতিকে উপঢৌকন দিয়ে এ টাকা লেনদেন করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম প্রথম আলোকে বলেন, ‘মাধ্যমিক পর্যায়ে বিনা মূল্যে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ বই শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। আলাদাভাবে বই কেনার প্রয়োজন নেই। অন্যদিকে মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে সরকার নোট-গাইড নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকেরা নোট-গাইড পড়তে উদ্বুদ্ধ করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। তবে আমিও শুনেছি, শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে টাকার বিনিময়ে সিলেবাস-বহির্ভূত ব্যাকরণ বই-গাইড পাঠ্যসূচিভুক্ত করা হচ্ছে।’
বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ বলেন, নোট-গাইডের সঙ্গে শিক্ষকেরা জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর বাজারে নোট-গাইডের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক পর্যায়ে বিনা মূল্যে শিক্ষার্থীদের বই সরবরাহ করা হচ্ছে। আলাদাভাবে কোনো বই কেনার প্রয়োজন নেই।
প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার অন্তত ১০ জন শিক্ষক নাম-পরিচয় গোপন রাখার শর্তে প্রথম আলোকে বলেন, শিক্ষাবর্ষ শুরুর মাস দেড়েক আগে থেকে নিম্নমানের বই প্রকাশনা সংস্থা ও এজেন্ট প্রতিনিধিরা একের পর এক বিদ্যালয়ে আসেন। এ সময় নিজ নিজ প্রকাশনা সংস্থার গ্রামার, ব্যাকরণ ও নোট-গাইড পাঠ্যসূচিভুক্ত করতে উপঢৌকন ও নগদ টাকা দিয়ে তদবির করেন। মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ভেদে ৩০ থেকে ৮৫ হাজার ও প্রাথমিক বিদ্যালয়ে ৮-১৫ হাজার টাকায় ওই গ্রামার, ব্যাকরণ ও নোট-গাইড পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। আর ওই বই উপজেলার ২১৪টি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যসূচিভুক্ত করতে অর্ধকোটি টাকার বেশি লেনদেন করা হয়েছে। তবে এ বই, প্রকাশনা সংস্থার বিশেষ মলাট ও প্রচ্ছদে তৈরি করে চড়া দামে স্থানীয় লাইব্রেরিতে বিক্রি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে জুপিটার পাবলিকেশনস, রেখা প্রকাশনীর দিগন্ত, পুঁথিনিলয়, পাঞ্জেরি ও দ্বীপশিখা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে ২৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ও ১৮টি দাখিল মাদ্রাসায় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আল-বারাকা লাইব্রেরি ও আল ফাতাহ পাবলিকেশনের নোট-গাইড, গ্রামার ও ব্যাকরণ বই পাঠ্যসূচিভুক্ত করা হয়েছে। আর ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে হাসান পাবলিকেশনস, জুপিটার পাবলিকেশনস, পাঞ্জেরি প্রকাশনী, মাস্টার প্রকাশনী, পপি লাইব্রেরি ও জননী প্রকাশনীর নোট-গাইড, গ্রামার ও ব্যাকরণ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। আর গত শিক্ষাবর্ষেও এ নোট-গাইড, গ্রামার ও ব্যাকরণ বই পাঠ্যসূচি করে পাঠদান করা হয়েছিল।
হাসান পাবলিকেশনসের পাথরঘাটা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন আরেকজনের নাম দিয়ে বলে ওরা টাকা দেয়। তবে শিক্ষকেরাই ভালো বলতে পারবেন, কে টাকা দেয়। আমরা টাকা দিয়ে বই সিলেবাসভুক্ত করি না।’
পাথরঘাটা পৌর এলাকা ও সাতটি ইউনিয়নের অন্তত ২৫ জন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি শ্রেণিতে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ এবং প্রতিটি পাঠ্যবইয়ের একটি করে নোট-গাইড কিনতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। অথচ মাধ্যমিক পর্যায়ে প্রতিটি শ্রেণিতেই পাঠ্যবইয়ের সঙ্গে ইংরেজি গ্রামার ও বাংলা ব্যাকরণ বই বিনা মূল্যে দেওয়া হয়। আর নোট-গাইড পড়ানো বিদ্যালয়ে নিষেধ থাকলেও সেই নিষেধাজ্ঞা অমান্য করে নিম্নমানের নোট-গাইড কিনতে প্রতিদিন চাপ দেন শিক্ষকেরা।
টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিরেন্দ্রনাথ ব্যাপারী বলেন, গত বছর পপি প্রকাশনীর বই পড়ানো হয়েছে। এখনো নতুন বছরের জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শ্রেণিশিক্ষকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ইংরেজি গ্রামার, বাংলা ব্যাকরণসহ নোট-গাইড পড়ানোর সিদ্ধান্ত এখন বাণিজ্যিক হয়ে গেছে। উপঢৌকন ও টাকার বিনিময়ে এ কাজ চলছে সব স্কুলে।
এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসক মুহা বশিরুল আলম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।