নোবেল পাওয়ার যোগ্য শেখ হাসিনা-সন্তু লারমা : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের জন্য ড. ইউনূসকে নোবেল দেওয়া হয়েছে। তিনি শান্তির জন্য কী করেছেন? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যদি কেউ নোবেল পুরস্কারের যোগ্য হন, তাঁরা হচ্ছেন শেখ হাসিনা ও সন্তু লারমা।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় মাহবুবে আলম এসব কথা বলেন।
মাহবুবে আলম বলেন, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে তাঁরা দেশের তিন পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছেন। তাঁরা যদি নোবেল পুরস্কার না পান, তাহলে তাঁদের এ অবদান কোনো অবস্থায় খাটো হয়ে যাবে না।
যুদ্ধাপরাধীর বিচার ও বঙ্গবন্ধুর বিচার প্রসঙ্গে মাহবুবে আলম বলেন, কতিপয় বিচারক এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে অপারগতা প্রকাশ করেছেন। তাঁদের এমন আচরণে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে। শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে এই হত্যাকাণ্ডে জড়িত ঘৃণ্য ঘাতকদের বিচার হতো না। তিনি এই বিচার করে বিচার–প্রক্রিয়াকে স্বচ্ছ করেছেন, জাতিকে করেছেন কলঙ্কমুক্ত।
যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ প্রমুখ।