নোভার সঙ্গী বাদশার চট্টগ্রাম আগমন

নোভার সঙ্গী হতে রংপুর থেকে আজ সোমবার চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে পুরুষ সিংহ বাদশা। চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মনজুর মোরশেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল সকালে বাদশাকে নিয়ে চট্টগ্রাম পৌঁছায়।
গত ২৮ আগস্ট চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে সিংহী নোভার বোন বর্ষাকে নিয়ে দলটি রংপুরে রওনা হয়। বর্ষার বদলে সেখান থেকে সিংহ বাদশাকে নিয়ে তারা ফিরে আসে। চট্টগ্রামে পুরুষ সিংহ এবং রংপুরে মেয়ে সিংহ না থাকায় দুই চিড়িয়াখানা কর্তৃপক্ষ পারস্পরিক এই প্রাণী বিনিময় চুক্তি করে।
গত শনিবার রাতে রংপুর চিড়িয়াখানা থেকে একটি মিনি ট্রাকে করে বাদশাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় দলটি। পথে ঢাকায় যাত্রাবিরতির পর আজ চট্টগ্রাম পৌঁছায়। চিড়িয়াখানায় এনে বাদশাকে রাখা হয়েছে নোভার পাশের একটি খাঁচায়। এখনই এক খাঁচায় দিলে দুটি মারামারি করবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের অভিমত।
জানতে চাইলে চিড়িয়াখানার চিকিৎসক শাহাদত হোসেন বলেন, ‘এখনই দুজনকে এক খাঁচায় দিলে মারামারি করবে। তাই পাশাপাশি খাঁচায় ভাব বিনিময়ের জন্য রাখা হয়েছে। সাত থেকে দশ দিন পর অবস্থা বুঝে এক খাঁচায় দেওয়ার চিন্তা করব। এ ছাড়া বাদশার নামও পরিবর্তন করে নতুন নাম রাখার চিন্তাভাবনাও রয়েছে।’
এই সিংহ জুটির মাধ্যমে ভবিষ্যতে বংশবৃদ্ধির একটি আশা করছেন কর্মকর্তারা। বাদশার বয়স ১১ বছর বলে জানান শাহদাত হোসেন।
চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্ষা ও নোভার জন্ম ২০০৫ সালের ১৬ জুন। সিংহ দম্পতি রাজ-লক্ষ্মীর এই দুই মেয়ে সিংহ চট্টগ্রামে একসঙ্গে বেড়ে ওঠে। দুই সিংহ শাবকের জন্মের পরপরই পুরুষ সিংহ রাজ মারা যায়। ২০০৮ সালে মারা যায় মা লক্ষ্মী। বর্ষা রংপুর চলে যাওয়ায় পর চট্টগ্রামে নোভা একা হয়ে পড়লেও বাদশার উপস্থিতিতে আস্তে আস্তে একাকিত্ব ঘুচবে বলে মনে করছেন কর্মকর্তারা।