নোমানকে কারাগারে পাঠানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়া মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহীর ছোট ভাই মোহাইমেন নোমান ওরফে এ এ এম নোমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শেষে নোমানকে সিলেট মহানগর হাকিম আদালতে (তৃতীয়) পুলিশ হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেওয়া হয়। একই ঘটনায় গ্রেপ্তার আরেকজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অনন্ত বিজয় হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক আরমান আলী এসব বিষয় নিশ্চিত করেছেন।
সিআইডির ভাষ্য, মান্নান রাহী (২৪) হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হলে গত বুধবার বেলা তিনটা থেকে প্রায় চার ঘণ্টা তাঁর জবানবন্দি গ্রহণ করা হয়। এ জবানবন্দিতে হত্যার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি। বলেছেন, ব্লগে লেখালেখির কারণে অনন্ত বিজয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জবানবন্দি শেষে সন্ধ্যায় কারাগারে পাঠানো হয় তাঁকে। এরপর রিমান্ড শেষে গতকাল নোমানকে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গত ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে অনন্ত বিজয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২৫ মে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তর করা হয়। গত শুক্রবার ভোরে কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রাম থেকে দুই ভাই রাহী ও নোমানকে গ্রেপ্তার করে সিআইডি।
অনন্ত বিজয় বিজ্ঞান বিষয়ে লেখালেখি করতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। যুক্তি নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
এদিকে রাহী ও নোমানের দেওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার জালালাবাদ থানার টুকেরবাজার থেকে গ্রেপ্তার করা আবুল খায়ের ওরফে রশীদ আহমদকে (২৪) সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকায় তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তাঁর বাড়ি কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামে। তিনি রাহী-নোমানের প্রতিবেশী।
অনন্ত বিজয় হত্যাকাণ্ডে এ তিনজন ছাড়াও গত ৭ জুন দৈনিক সংবাদ ও স্থানীয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার আলোকচিত্র সাংবাদিক ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে সিআইডি। তাঁকে সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো তথ্য মেলেনি বলে তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়।