নোমানের বিরুদ্ধে মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বিচারিক আদালতে চলতে কোনো বাধা নেই।
নোমানের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
আদেশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে নোমানের বিরুদ্ধে এ মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। আপিল বিভাগের আদেশের ফলে এ মামলাটি চলতে কোনো বাধা নেই।
একই দিনে আয়কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ রশিদুজ্জামান মিল্লাতকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।
নোমানের বিরুদ্ধে মামলার বিবরণীতে জানা যায়, সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগ এনে ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় সাবেক দুর্নীতি দমন ব্যুরো নোমানের বিরুদ্ধে এই মামলাটি করে। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই বছরই মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নোমান। ওই আবেদনের শুনানি শেষে ২০১৩ সালের ২৪ জানুয়ারি হাইকোর্ট আবেদন খারিজ করেন।
২০১৩ সালের ২৭ মার্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নোমান লিভ টু আপিল করেন। গতকাল আপিল বিভাগে নোমানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ওই আবেদনের শুনানিতে অপারগতা জানান। পরে আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।
একই দিনে আয়কর ফাঁকির মামলায় রশিদুজ্জামান মিল্লাতকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। জাতীয় রাজস্ব বোর্ডের লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ গতকাল এ আদেশ দেন।