নোমানের স্বপ্ন কি ভেঙে যাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোমান হোসেন
নোমান হোসেন

অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে পড়াশোনা করতে হয়েছে নোমানকে। শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ভালো ফল করেছেন উচ্চমাধ্যমিকে। কিন্তু শুধু এতটুকু পড়াশোনা করে তো লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। এগোতে হবে অনেক দূর। আর ভয়টা এখন সেখানেই। মাঝপথে থমকে যাওয়ার ভয়ে দিশেহারা হয়ে পড়ছেন নোমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ‘গ’ ইউনিটে মেধাতালিকায় ৪৯তম স্থান পেয়েছেন। এখন পর্যন্ত ভর্তির টাকা জোগাড় করতে পারেনি নোমানের পরিবার।
কীভাবে ভর্তির টাকা জোগাড় হবে, কীভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ চালানো হবে, তা নিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারটির।
নোমান হোসাইন এ বছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের দিনমজুর মো. আলমগীর হোসেনের ছেলে। দুই ভাইবোনের মধ্যে নোমান ছোট। বড় বোনের বিয়ে হয়েছে।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পাসের পর নোমান হোসাইন প্রথম আলোকে জানিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান। তাঁর দৃঢ়তা জানান দিচ্ছিল যে তিনি সে লক্ষ্য সামনে রেখেই পরিশ্রম করছেন। কিছুদিন পর সে ধারণার সত্যতাও পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি পরীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, নোমান হোসাইন ‘গ’ ইউনিটে ১৬২ দশমিক ৩২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর মেধাক্রম ৪৯তম।
আজ সোমবার কথা হয় নোমানের বাবা আলমগীর হোসেনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি এত খুশি যে বলে বোঝাতে পারব না। আমি সব সময় চেয়েছি, আমার ছেলে আমার মতো যেন না হয়। ছেলে যেন একদিন অনেক বড় হয়। আমার মতো এত কষ্ট যেন ওকে করতে না হয়।’

বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ জোগাড় হয়েছে কি না, জানতে চাইলে মলিন হয়ে যায় নোমানের বাবার চেহারা। বিষণ্ন কণ্ঠে বলেন, না। কিছুক্ষণ থেমে থাকার পর বলেন, ‘এখনো আমি এক টাকাও জোগাড় করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আমার ছেলেটার স্বপ্নপূরণ সহজ হতো।’

নোমানের মা জ্যোৎস্না আরা বেগম প্রথম আলোকে জানান, নোমানের ভর্তি পরীক্ষার ফল প্রতিবেশীদের জানিয়ে এসেছেন। শুনে খুশি হয়েছেন প্রতিবেশীরা।

নোমান হোসাইন প্রথম আলোকে বলেন, প্রথম দিকে তাঁর ভর্তিসহ আনুষঙ্গিক খরচ লাগবে ১০ হাজার টাকার মতো। তবে তাঁর ভীষণ ভয় হচ্ছে। টাকাটা জোগাড় হবে তো!
তাঁর বাবা জানান, নোমানের পড়ালেখার খোঁজখবর রাখাসহ বিভিন্নভাবে সহযোগিতা করতেন তাঁর শিক্ষক শিমুল কান্তি ভৌমিক ও আমিনুর রসুল।
নোমানের শিক্ষক শিমুল কান্তি ভৌমিক প্রথম আলোকে বলেন, যেভাবেই হোক নোমানের স্বপ্ন পূরণ হতে হবে।

নোমানের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন বলেন, কলেজটির প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর কাছে নিয়ে যাব নোমানকে। ছেলেটাকে যতটুকু পারা যায় সহযোগিতা করার চেষ্টা করা হবে।