নোয়াখালীর সোনাইমুড়ী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত শুক্রবার রাত নয়টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের মাহুতলা গ্রামের চৌরাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সাইকেলের আরোহী মো. রাশেদকে (১৪) ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে রাশেদের মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সূত্র জানায়, দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাহুতলা গ্রামের মো. মামুন (২৪) ও দুলিয়াপাড়া গ্রামের সাহাব উদ্দিন (২৫) গুরুতর আহত হন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাশেদ থানারহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. হানিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী বাজারে গতকাল শনিবার কাভার্ডভ্যানের চাপায় কাউছার আহম্মদ (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
কাউছারের বাড়ি নোয়াখালীর কবিরহাটে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান প্রথম আলোকে জানান, গতকাল দুপুর দুইটার
দিকে কাউছার মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
পুলিশ জানায়, হাইওয়ে পুলিশ গাড়িটি আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।