নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময়
নোয়াখালী জেলাকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে লক্ষীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মতবিনিময় সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার কাজল কান্তি দাস, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন লাল ভৌমিক, জেলা পরিবহন সমিতির সভাপতি নূর নবী চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া।
বক্তারা বৃহত্তর নোয়াখালীর আয়তন, জনসংখ্যা এবং রাজধানী থেকে দূরত্ব বিবেচনাসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করার দাবি জানান। তাঁরা বলেন, দাবি আদায়ে লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ। আগামী দিনে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায় করা হবে। সভা শেষে পেশাজীবীদের একটি দল লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন। তাঁরা নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণা করার বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনতে জেলা প্রশাসককে অনুরোধ করেন।