নোয়াখালী, ফেনী ও সীতাকুণ্ডে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী,  ফেনী ও সীতাকুণ্ডে চার ব্যক্তি নিহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আবদুল আহাদ (২৫), সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের ব্যবসায়ী আলী হোসেন (৩৭), ফেনীর সোনাগাজী উপজেলার আহম্মদপুর গ্রামের মো. এনায়েত উল্যা (৩৩) ও সীতাকুণ্ডের রেহান উদ্দিন (৩৫)।

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের কাছারিরহাট বাজার এলাকায় ফুফুর লাশ দাফন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আবদুল আহাদ ও তাঁর দুই সঙ্গী। কাছারিরহাট বাজারসংলগ্ন ওটারহাট-কাছারিরহাট সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আবদুল আহাদের মৃত্যু হয়। আহত দুজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত ১১টার দিকে নোয়াখালী শহরের সোনাপুর এলাকার কলেজ গেট নামক স্থানে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। গুরুতর আহত আলী হোসেনকে নোয়াখালী শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। আর সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার কোনো তথ্য তাঁরা জানেন না।

এদিকে ফেনীতে একটি বাস উল্টে মো. এনায়েত উল্যা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারের পাশে একটি দ্রুতগামী মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে এনা পরিবহনের একটি বাস সড়কের ওপর উল্টে যায়। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলের চালক মো. এনায়েত উল্যা ঘটনাস্থলে নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী ও বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি এস এম জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় রেহান উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার নূনাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহান সীতাকুণ্ড পৌরসভার উত্তর খেদারখীল এলাকার বাসিন্দা। সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, গতকাল দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় রেহানকে ঢাকামুখী একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন।