নোয়াখালী শহরবাসী টানা বর্ষণে নাকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণে নাকাল নোয়াখালী শহরের বাসিন্দারা। শহরের প্রধান সড়কের আশপাশের অনেক সড়কই বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে জনজীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ।
গত শুক্রবার রাত আটটার দিকে নোয়াখালী শহরে বৃষ্টি শুরু হয়। প্রায় সারা রাত কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হয়। এরপর গতকাল শনিবার সকালের দিকে কিছু সময় বিরতি দিয়ে আবার টানা বর্ষণ শুরু হয়। বিকেল পর্যন্ত অব্যাহত বৃষ্টিতে শহরের অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ডুবে গেছে চলাচলের অনেক গুরুত্বপূর্ণ সড়কও।
সরেজমিনে দেখা যায়, সবচেয়ে বেশি জলমগ্ন হয়েছে শহরের লক্ষ্মীনারায়ণপুর, কাজি কলোনি, হরিনারায়ণপুর ও মাস্টারপাড়া এলাকা। এসব এলাকার অনেক বাসাবাড়ির আঙিনায়ও পানি উঠেছে। বৃষ্টির পানির সঙ্গে আশপাশের নর্দমার পানি একাকার হওয়ায় বাসিন্দারা পড়েছে চরম অস্বস্তিতে।
এ ছাড়া বৃষ্টির পানিতে ডুবে গেছে জেলা জজ আদালত সড়ক, শিল্পকলা একাডেমী সড়ক, জেলা জামে মসজিদ সড়ক ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। এসব সড়কে গতকাল বেলা দুপুর আড়াইটার দিকে প্রায় দেড় ফুট পানি জমে থাকতে দেখা যায়।
জজকোর্ট সড়কে অটোরিকশার চালক জসিম উদ্দিন বলেন, সড়কে এত বেশি পানি জমেছে যে যার মধ্য দিয়ে গাড়ি চালানো দুরূহ। একই এলাকায় রিকশাচালক রহিম উল্লা বলেন, প্রতিবছর একই অবস্থা। টানা বৃষ্টি হলে সড়কগুলো ডুবে যায়।
পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ প্রথম আলোকে বলেন, শহরের পানিনিষ্কাশনে বাস্তবায়নাধীন একটি প্রকল্প বৃষ্টির কারণে বর্তমানে বন্ধ আছে। প্রকল্পের কাজ শেষ হলে সমস্যা কমে আসবে। তবে, গতকাল টানা বৃষ্টিতে যে সংকটের সৃষ্টি হয়েছে, তা দূর করতে নর্দমাগুলোর পানিনিষ্কাশনের বাধা দ্রুত অপসারণ করতে পৌরসভার কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।