নোয়াখালী শহরে জলাবদ্ধতা
টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শহরের বাসিন্দারা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।
সরেজমিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে জেলা প্রশাসকের কার্যালয়, শিল্পকলা একাডেমী, জেলা জজ আদালত, জেলা জামে মসজিদের সামনের ও সরকারি আবাসিক এলাকার সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া, শহরের দত্তেরহাট, মাস্টারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব এলাকায় পৌরসভার পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই নাজুক। সড়কের পাশে যেসব নালা আছে, সেগুলোতে পানি জমে থাকে। এলাকার বাসিন্দারা জানান, পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে। এতে বৃষ্টি যত বেশি হয়, ড্রেনের পানি উপচে পড়ে আশপাশের সড়ক তলিয়ে যায়।
মাস্টারপাড়ার বাসিন্দা আবদুল হালিম প্রথম আলোকে বলেন, একটু বৃষ্টি নামলেই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের সীমা থাকে না। ড্রেনের ময়লা-আবর্জনার পানি উপচে গিয়ে সড়কে জমে থাকে। পৌর কর্তৃপক্ষও ড্রেনগুলো ঠিকমতো পরিষ্কার করে না।
হরিনারায়ণপুর এলাকার বাসিন্দা সুলতান আহম্মদ বলেন, পানি নিষ্কাশনের নালাগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে বৃষ্টি হলেই বাসাবাড়ির উঠানেও পানি জমে।
পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ বলেন, জেলা শহরের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। তবে পৌরসভা এরই মধ্যে এই সমস্যা সমাধানে ২০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে সমস্যা অনেকটা দূর হবে। এ ছাড়া, শহরের অন্যান্য এলাকাতেও ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।