নোয়াখালীতে অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে ও বেগমগঞ্জের গাবুয়ায় পৃথক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি গরু-ছাগলের খামার পুড়ে গেছে। গত রোববার রাতে ও গতকাল সোমবার দুপুরে ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সোয়া একটার দিকে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে একটি জ্বালানি তেলের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডে তেলের দোকান ছাড়াও তৈজসপত্র, দই, মাছের আড়ত ও মনিহরিসহ আটটি দোকান পুড়ে যায়। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আজিজ ঘটনাটি নিশ্চিত করে বলেন, চাপরাশিরহাট বাজারের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রোববার রাত সাড়ে নয়টার দিকে বেগমগঞ্জ উপজেলার গাবুয়া বাজার এলাকার মোহাম্মদ হোসেনের একটি গরু ও ছাগলের খামার আগুনে পুড়ে যায়। এতে দুটি ছাগল পুরো, একটি গরু আংশিক ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
মাইজদী ফায়ার স্টেশনের কর্মকর্তা নুরুন্নবী গাবুয়ায় বলেন, খামারের ভেতরে খোলা তেলের বাতি বা মশার কয়েলের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।