নোয়াখালীতে অপহৃত দম্পতি উদ্ধার, গ্রেপ্তার ৫
নোয়াখালীতে অপহৃত কুয়েতপ্রবাসী নুরনবী ও তাঁর স্ত্রী তাহেরা আক্তারকে গত সোমবার রাত আটটার দিকে জেলা শহরের হরিনারায়ণপুর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার ও অপহরণের ঘটনায় জড়িত অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকেরা হলেন মোরশেদ আলম ওরফে মুন্না (২৫), ওমর ফারুক (২৫), হাবিবুর রহমান (২৭), কামরুল ইসলাম ওরফে রানা (২৪) ও ইয়াছিন আলম ওরফে রকি (২৪)। প্রবাসী নুরনবী ও তাঁর স্ত্রী তাহেরা আক্তারকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাহেরার বাবা ওই পাঁচজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। গতকাল মঙ্গলবার সকালে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
নুরনবী বলেন, সোমবার সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহরের নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন শ্বশুরবাড়িতে আসছিলেন। পথে জেনারেল হাসপাতালের পশ্চিম পার্শ্বে মুরগি ফার্ম নামক এলাকায় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক তাঁদের গতিরোধ করেন। তিন যুবক অটোরিকশায় উঠে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে
চালককে হরিনারায়ণপুরের দিকে যেতে বলেন। এ সময় অপহরণকারীরা তাঁর ও তাঁর স্ত্রীর মুঠোফোন দুটি নিয়ে যায়। এরপর তাঁদের হরিনারায়ণপুর এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলায় দুটি কক্ষে আটকে রাখা হয়। পরে তাঁর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তাঁর স্ত্রী লুকিয়ে রাখা মুঠোফোন থেকে বাবার বাড়িতে ঘটনা জানান।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় জানালে তিনি নিজেই অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক এবং অপহৃত স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। ওসি আরও জানান, তাঁদের বিরুদ্ধে নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।