নোয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নোয়াখালী জেলা শহর মাইজদীর যানজট নিরসন ও ফুটপাত দিয়ে জনসাধারণের চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার প্রথম দফায় সকাল থেকে দুপুর পর্যন্ত মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বরমান হোসেন অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় কয়েক শ দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়।
সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, শহরে সড়কের দুই পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এ ছাড়া বিভিন্ন সংগঠনের ছোট ছোট কার্যালয় ও পরিবহন কাউন্টার গড়ে তোলা হয়েছে। এতে যানজট সৃষ্টি হচ্ছে ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া শহরের সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে। গত কয়েক দিন মাইকিংয়ের মাধ্যমে সব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। কিন্তু দখলদারেরা তা সরিয়ে না নেওয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা ও সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন বলেন, সোমবার মাইজদী বাজার থেকে বড় মসজিদ মোড় পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আগামীকাল (আজ মঙ্গলবার) শহরের দত্তেরহাট পর্যন্ত অভিযান চালানো হবে।