নোয়াখালীতে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সফিপুর গ্রামে রিকশাচালক শাহেদ আলী (৬০) ও স্ত্রী জোবেদা আক্তারের (৫০) ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জোবেদা আক্তার বাদী হয়ে সুধারাম থানায় এই মামলা দায়ের করেন।
জানতে চাইলে মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, মামলায় কাউকে আসামি করা হয়নি। তবে এজাহারে বাদী অজ্ঞাতনামা তিন-চারজন দুর্বৃত্ত ওই ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করেন।
পরিদর্শক নিজাম উদ্দিন আরও বলেন, ‘মামলাটি তদন্ত করার জন্য উপপরিদর্শক (এসআই) তানভির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এরই মধ্যে কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে, শিগগিরই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।’
এদিকে অ্যাসিডদগ্ধ শাহেদ আলীকে গত বুধবার রাতে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী জোবেদা আক্তারের অবস্থা মোটামুটি ভালো হওয়ায় তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে দুর্বৃত্তদের ছোড়া আ্যসিডে শাহেদ আলী ও তাঁর স্ত্রী জোবেদা আক্তার দগ্ধ হন।