নোয়াখালীতে আ.লীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইউসুফ আলী ওরফে নিশাত সেলিমকে (৫০) হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সুধারাম থানার পুলিশ। গত রোববার রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামে আওয়ামী লীগের ওই নেতাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এদিকে এই হত্যাকাণ্ডের জের ধরে গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে লক্ষ্মীপুরের চরশাহী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সাতটি বাড়ি, চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাছিনা আক্তার (৩২), মো. তারেক (১৬), মো. শাহ রিয়াজ (১৭), মো. হানিফ (২৫) ও ইসমাইল (২২)। এর মধ্যে ইসমাইলকে গত বুধবার রাতে এবং অন্যদের সোমবার ভোররাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহত ইউসুফ আলী লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নোয়াখালীতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করে আসছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে বুধবার রাতে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।