নোয়াখালীতে আধা ঘণ্টায় দুজনকে গুলি করে হত্যা
নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে গতকাল মঙ্গলবার ভোরে পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন৷ প্রায় আধা ঘণ্টা ব্যবধানে এ ঘটনা ঘটে৷ এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন৷
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, একটি মোটরসাইকেলে চড়ে দুই দুর্বৃত্ত এসব হামলা চালায়৷ দুজনের মাথায়ই হেলমেট পরা ছিল৷ এ হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ৷
নিহত ব্যক্তিরা হলেন কামাল হোসেন (৩৫) ও মো. দুলাল (৩৩)৷ কামালের বাড়ি পৌরসভার দশঘরিয়া এলাকায়৷ তিনি স্থানীয় একটি বাস কাউন্টারে টিকিট বিক্রি করতেন। দুলালের বাড়ি পৌরসভার সুন্দরপুর এলাকায়৷ তিনি পেশায় ভ্যানচালক। আহত ব্যক্তিরা হলেন উপজেলার বরকোট গ্রামের আবদুল হান্নান (১৯) ও দশঘরিয়া গ্রামের মনির হোসেন (৩৫)৷ তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়৷ পরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
এ হামলার প্রতিবাদে সকালে এলাকার লোকজন ও বাস-মিনিবাসের শ্রমিকেরা কালোব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল এবং চাটখিল-রামগঞ্জ প্রধান সড়ক অবরোধ করেন। সড়কের ওপর টায়ার জ্বালিয়ে এবং ইট ফেলে অবরোধ সৃষ্টি করা হয়৷ এ কারণে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাটখিলে সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ ও সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) কাজী এহছানুল কবির ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ভোর পাঁচটার দিকে মোটরসাইকেল আরোহী ওই দুই দুর্বৃত্ত উপজেলা সদরের সুন্দরপুর এলাকায় পৌর মার্কেটের কাছে যায়৷ সেখানে অতর্কিতে ভ্যানচালক দুলালকে লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়৷
এরপর ভোর সাড়ে পাঁচটার দিকে ওই দুই দুর্বৃত্ত দশঘরিয়া এলাকার একটি বাস কাউন্টারের সামনে গিয়ে টিকিট বিক্রেতা কামালকে লক্ষ্য করে গুলি করে৷ এ সময় পাশের কাউন্টারের টিকিট বিক্রেতা মনির এগিয়ে গেলে মোটরসাইকেলের পেছনের দিকে বসা দুর্বৃত্ত তাঁকেও লক্ষ্য করে গুলি ছোড়ে৷ পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কামালের মৃত্যু হয়৷
এদিকে সকাল পৌনে ছয়টার দিকে উপজেলার বাইশ সিন্দুর বাজারের ভেতর দিয়ে যাওয়ার সময় আবদুল হান্নান নামের ওই পথচারীকে লক্ষ্য করে গুলি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন হান্নান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলের পেছনের আসনে বসে থাকা এক দুর্বৃত্তের হাতে দুটি পিস্তল ছিল৷ কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে গুলি করে মোটরসাইকেলটি পালিয়ে যায়৷
মনির বলেন, ‘মোটরসাইকেলের পেছনে বসা সন্ত্রাসী আমার চোখের সামনে কামালকে গুলি করে৷ আমি এগিয়ে গেলে আমাকেও গুলি করে৷’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, সব কটি হামলা একই মোটরসাইকেলের দুই আরোহী চালিয়েছে৷ ধারণা করা হচ্ছে, হামলাকারীরা এলাকার দুর্ধর্ষ খোরশেদ ডাকাতের সদস্য৷ এ ঘটনার পর উপজেলার একটি গ্রামে খোরশেদের বাড়িতে অভিযান চালানো হয়৷ কিন্তু তাঁকে পাওয়া যায়নি৷