নোয়াখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মো. বিপ্লব (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই গ্রামের খামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় একই দুর্বৃত্তরা বিপ্লবের বড় ভাই মো. হিরণকেও (৩২) কুপিয়ে আহত করেছে। দুই সহোদর ওই গ্রামের অলিউল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুবপুর গ্রামের খামারবাড়ি এলাকায় স্থানীয় কতিপয় যুবক মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এ নিয়ে একই এলাকার বিপ্লবসহ কয়েকজন প্রতিবাদ করে। এতে ওই যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গতকাল রাত সাড়ে আটটার দিকে স্থানীয় দোকান থেকে বাড়ি ফেরার পথে ওই যুবকেরা অতর্কিতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিপ্লবের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে এসে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বড় ভাই হিরণও। পরে স্থানীয়রা দুই ভাইকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বিপ্লবের মৃত্যু হয়। গুরুতর আহত হিরণকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানতে চাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিপ্লব নামের একজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।