নোয়াখালীতে ক্রিকেট ব্যাটের আঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের আঘাতে আহত মো. জাহিদ হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার ভোর রাতে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত জাহিদ হাকিমপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে।
জাহিদের চাচা মোছলে উদ্দিন প্রথম আলোকে জানান, গত শনিবার বিকেলে জাহিদ বাড়ির পাশে একটি মাঠে ক্রিকেট খেলতে যান। একপর্যায়ে খেলা নিয়ে একই এলাকার মামুনের সঙ্গে জাহিদের কথা-কাটাকাটি হয়। এ সময় মামুন তাঁর হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে জাহিদের মাথায় আঘাত করে। এতে জাহিদের মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রাতে চিকিৎসকেরা তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরামর্শ দেন। ভোর রাতে ওই হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ আগে ঢাকায় জাহিদ মারা যান। খবর পেয়ে সুধারাম (সদর) থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।