নোয়াখালীতে ক্ষতি সাত কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭-১৮ দিন বন্যার পানিতে ডুবে থাকায় আমন ধানের বীজতলা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তবু আশা ছাড়েননি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদার কৃষক জাহাঙ্গীর হোসেন। বীজতলা থেকে পানি সরিয়ে চেষ্টা করছেন, কিছু চারা রক্ষা করা যায় কি না।
সাম্প্রতিক বন্যায় জাহাঙ্গীর আলমের মতো নোয়াখালীর নয়টি উপজেলার কৃষকদের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ৯৭ লাখ টাকার।
সরেজমিনে দেখা যায়, বন্যার পানি ধীরগতিতে কমার কারণে জেলার অনেক এলাকা এখনো জলমগ্ন। আর পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে আমন বীজতলা, রোপা আমন, আউশসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতির চিত্র। ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ ও হাতিয়া উপজেলায়।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, বন্যায় জেলার নয়টি উপজেলায় ৫ হাজার ৭৯০ হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে যায়। এর মধ্যে ৩ হাজার ৪৮৫ হেক্টর জমির বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৬ কোটি ৯৭ লাখ টাকার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রণব ভট্টাচার্য প্রথম আলোকে জানান, বন্যা ও অতিবৃষ্টিতে বীজতলার ক্ষতি পুষিয়ে নিতে এরই মধ্যে প্রায় ২৫ মেট্রিক টন আমন বীজ বিতরণ করা হয়েছে।