নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ধণ্যপুর গ্রামের একটি বাড়ি থেকে বিবি রহিমা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ।
স্থানীয় ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবার শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে।
উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রহিমা ওই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের হাফিজ উল্লার মেয়ে ও ধণ্যপুর গ্রামের আবুল কালামের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে।
নিহতের বড় ভাই নিজাম উদ্দিন প্রথম আলোকে জানান, ২০০৩ সালে তাঁর বোনের সঙ্গে ধণ্যপুর গ্রামের আবুল কালামের বিয়ে হয়। এরই মধ্যে তাঁদের সংসারে তিনটি সন্তান জন্ম নেয়। কিছুদিন ধরে তাঁর ভগ্নিপতি অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝড়গা-বিবাদ হতো। অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী তাঁর বোনকে মারধর করত।
তিনি জানান, রোববার দিবাগত রাত নয়টার দিকে তাঁর ভগ্নিপতি তাঁদের (নিজামদের) বাড়িতে ফোন করে জানায় যে তাঁর বোন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পরে তাঁরা ছুটে আসেন ভগ্নিপতির বাড়িতে। এসে দেখেন, ঘরে খাটের ওপর তাঁর বোনের লাশ একটি কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে। তাঁরা এসে বাড়িতে ভগ্নিপতি ও তাঁর পরিবারের কাউকে পাননি। তাৎক্ষণিক ঘটনাটি থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিজাম উদ্দিন অভিযোগ করেন, বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে ভগ্নিপতি ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ফাঁস দিয়েছে বলে প্রচার করে। অন্য নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করার কারণেই তাঁর বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) তানভির আহম্মেদ প্রথম আলোকে জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফাঁস দেওয়ার আলামতও স্পষ্ট নয়। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি।