নোয়াখালীতে গ্যাসের দাবিতে বিক্ষোভ
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নোয়াখালীতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে এসব কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে শহরের সোনাপুর, মহব্বতপুর, সল্যাঘটিয়াসহ আশপাশের এলাকার কয়েক শ নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ইসলামিয়া সড়কের বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কার্যালয়ের সামনে যান। তাঁরা সেখানে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন। এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে যান। সেখানে তাঁরা নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ করেন।
গৃহিণী আজিমা খাতুন গ্যাস-সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল ৬টার আগেই গ্যাস চলে যায়, আর ফিরে আসে রাত ১২টার পরে। এ বিষয়ে তাঁরা গ্যাস কার্যালয়ে বারবার ধরনা দিয়েও কোনো সুফল পাননি।
একই এলাকার বাসিন্দা রহিমা খাতুন বলেন, ‘আমরা তিন বছর ধরে নিয়মিত গ্যাসের বিল দিলেও রান্নাবান্না করতে পারি না। গ্যাস ব্যবহার না করেই মাস শেষে বিল পরিশোধ করতে হচ্ছে। আবার রান্নার জন্য বাজার থেকে লাকড়িও কিনতে হচ্ছে।’
জানতে চাইলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের দাবিতে কিছু লোক এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। তাঁরা একটি স্মারকলিপি দিয়ে গেছেন। আমরা শিগগিরই ওই এলাকার লাইনে গ্যাসের চাপ পরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাব।’