নোয়াখালীতে গ্যাস-সংকটে গ্রাহকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস-সংকট চলছে। পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের চাপ কম থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। এতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ জুন থেকে জাতীয় গ্রিডলাইন থেকে নোয়াখালীর দিকে আসা পাইপলাইনে গ্যাসের চাপ কমে যায়। এতে জেলার বাসাবাড়ি, শিল্প-কলকারখানা, সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহকেরই ভোগান্তি বেড়ে যায়। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও কোম্পানীগঞ্জের সুন্দলপুর গ্যাস ক্ষেত্রের উৎপাদন কমে যাওয়ায় নোয়াখালীতে গ্যাস-সংকট দেখা দিয়েছিল। পরবর্তী সময়ে জাতীয় গ্রিড থেকে ওই ঘাটতি পূরণ করা হয়।
শহরের সোনাপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ খুবই কম থাকে। এক সপ্তাহের বেশি সময় ধরে এ অবস্থা চলছে। তিনি বলেন, রান্নার সময় গ্যাস না থাকার কারণে এলাকার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন।
একই এলাকার গৃহিণী সুলতানা আক্তার বলেন, কয়েক বছরে ধরে বর্ষা এলেই তাঁদের এলাকায় গ্যাসের চাপ কমে যায়। চুলায় আগুন জ্বলে মিটমিট করে। কখনো কখনো সরবরাহ একেবারেই বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সামনে পবিত্র রমজান মাসের রান্নাবান্না নিয়ে সবাই চিন্তিত।
জানতে চাইলে গ্যাস-সংকটের কথা নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নোয়াখালী কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ইউছুফ আলী। প্রথম আলোকে তিনি বলেন, ফেনীর মূল (গ্রিড) লাইন থেকে গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে এ সংকটের সৃষ্টি হয়েছে। বিষয়টি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগিরই এ সংকট কেটে যাবে।