নোয়াখালীতে ঘাটের দখল নিয়ে আ.লীগের দুই পক্ষে উত্তেজনা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ঘাটের দখল নিয়ে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। এ নিয়ে গত সোমবার দিবাগত রাতে তমরুদ্দি বাজারে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার দিনভর ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি যুবলীগের উপজেলা কমিটির সদস্য মো. মাজেদের নামে বিআইডব্লিউটিএ থেকে তমরুদ্দি ঘাটের ইজারা নেন গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আমির হোসেন। একই ঘাট জেলা পরিষদ থেকে ইজারা নেন আওয়ামী লীগের দলীয় সাংসদ আয়েশা আলীর স্বামী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলীর পক্ষের সাইফুল ইসলামসহ অপর একটি পক্ষ।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে আমিরের লোকজন তমরুদ্দি বাজারে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আমিরের দাবি, এ সময় হামলায় তাঁর পক্ষের পাঁচজন আহত হন।
পুলিশ সূত্র জানায়, গতকাল অর্থবছরের প্রথম দিনে ঘাট দখল নিয়ে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানকে হাতিয়া পাঠানো হয়। সকাল থেকে তিনি একাধিকবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা করেন। এ ছাড়া দিনভর তমরুদ্দি ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।
আমির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি বিআইডব্লিউটিএ থেকে ১৮ লাখ টাকা দিয়ে ওই ঘাট যুবলীগের নেতা মাজেদের নামে ইজারা নিয়েছেন। কিন্তু মোহাম্মদ আলীর লোকজন ঘাটের দখল নিতে দিচ্ছেন না। সোমবার রাতে হামলা চালিয়ে তাঁর পাঁচজন লোককে আহত করা হয়।
অন্যদিকে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর দাবি, তমরুদ্দি ঘাটে বিআইডব্লিউটিএর পন্টুন কিংবা অন্য কোনো স্থাপনা নেই। এককথায় এখানে তাদের কোনো অস্তিত্বই নেই। তাই তাঁর লোকজন জেলা পরিষদ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ১৩ লাখ ৮৮ হাজার টাকায় ঘাটটি ইজারা নিয়েছেন। তিনি বলেন, ইজারা নেওয়ার পর জেলা পরিষদের কর্মকর্তা নিজেই এসেছেন ঘাট বুঝিয়ে দেওয়ার জন্য। কিন্তু এ নিয়ে আমির হোসেন অপপ্রচার চালাচ্ছেন। তাঁর লোকজনের ওপর হামলার অভিযোগও ভিত্তিহীন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী বলেন, দুই পক্ষ পৃথক দুটি প্রতিষ্ঠান থেকে ঘাটের ইজারা নিয়েছে। আগে দুটি ইজারাই নিতেন একজন। এবার দুজন ইজারা নেওয়ার ফলে জটিলতা দেখা দিয়েছে। দুই পক্ষকে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে। ঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।