নোয়াখালীতে ছাত্রদলে বিরোধ, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা
নোয়াখালী সদর উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে অভ্যন্তরীণ বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। গত রবি ও সোমবার এসব কমিটি ঘোষণা করা হয়৷
পাল্টাপাল্টি কমিটি ঘোষণার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির নেতারা৷ এ নিয়ে ছাত্রদলের অনেক কর্মী-সমর্থকও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷
দলীয় সূত্র জানায়, গত শনিবার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়৷ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারবিরোধী আন্দোলন বেগবান করার লক্ষ্যে জেলা বিএনপির নেতারা ও জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের যৌথ সিদ্ধান্তে ওই কমিটি ঘোষণা করা হয়েছে৷
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কমিটিগুলোকে বলা হয়৷
এ কমিটি ঘোষণার এক দিন পর রোববার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তি বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে পাঠানো হয়৷ সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিনটি শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়৷ তবে এ তিনটি কমিটি গঠনের তারিখ দেওয়া হয় গত বছরের ১১ অক্টোবর। তিনটি কমিটিকে এক মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।
পরে ঘোষণা করা কমিটি প্রসঙ্গে জানতে চাইলে সাধারণ সম্পাদক ছাবের আহম্মেদ প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো কমিটি গঠনের বিষয়ে তিনি জানেন না৷ যে স্বাক্ষরটিকে তাঁর বলে প্রচার করা হচ্ছে, সেটিও তাঁর নয়। তাঁর প্রশ্ন—যদি আট মাস আগে কমিটি গঠিত হয়ে থাকে, তাহলে এত দিন তা প্রকাশ করা হলো না কেন?
সাধারণ সম্পাদকের ঘোষণা করা কমিটি সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, ‘সাধারণ সম্পাদক যে কমিটি ঘোষণা করেছেন, তার কোনো বৈধতা নেই। আমি ওই কমিটির বিষয়ে কিছুই জানি না। এ বিষয়ে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। কারও একক স্বাক্ষরে কমিটি ঘোষণার সুযোগ নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ও সদর উপজেলা ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক বলেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমন্বয় নেই। যে কারণে ক্রমেই ছাত্রদলের কার্যক্রম ঝিমিয়ে পড়ছে৷
জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান পাল্টাপাল্টি কমিটি ঘোষণার ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘দলের নীতি-আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণেই এমনটি হচ্ছে। এটি খুবই দুর্ভাগ্যজনক।’ তাঁর প্রশ্ন, এক বছর আগে যদি কমিটি গঠিত হয়ে থাকে, তাহলে এত দিন ওই কমিটি কোথায় ছিল?