নোয়াখালীতে জিসান বাহিনীর দুই সদস্য অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে লক্ষ্মীপুরের সন্ত্রাসী জিসান বাহিনীর দুই সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত আটটার দিকে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নুর হোসেন ওরফে হারুন (২৭) ও জিয়াউর রহমান (২৫)। এ সময় তাঁদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল ও দুটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এঁদের গতকাল বৃহস্পতিবার দুপুরে ডাকাতির প্রস্তুতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে সাতটার দিকে থানা পুলিশের কাছে খবর আসে উপজেলার সোনাপুর এলাকায় লক্ষ্মীপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর একদল সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত আটটার দিকে থানা পুলিশের একটি দল ওই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ বলেন, নুর হোসেনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় দুটি হত্যাসহ ১০টি মামলা রয়েছে। এ ছাড়া জিয়াউরও সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে জিসান বাহিনীর সঙ্গে অপরাধে জড়িয়ে পড়ে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে।