নোয়াখালীতে জোড়া খুনের মামলায় ২ ভাইসহ ১২ জনের মৃত্যুদণ্ড
নোয়াখালী শহরের মুঠোফোন ব্যবসায়ী ও দোকান কর্মচারীকে হত্যার নয় বছর পর ২ ভাইসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার নোয়াখালীর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান জোড়া হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে ১০ আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আবু ইউছুফ ও তোফাজ্জল হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন। এই মামলার মোট আসামি ২৩ জন। তাঁদের মধ্যে সোলেমান উদ্দিন ওরফে জিসান নামের এক আসামি গত বছর র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বেগমগঞ্জ উপজেলার গঙ্গাবর গ্রামের দুই ভাই মোফাজ্জেল হোসেন ও তোফাজ্জল হোসেন, রামেশ্বরপুর গ্রামের জাফর হোসেন ও সাহাব উদ্দিন, আমিরপুর গ্রামের জাফর হোসেন, ভবভদ্রি গ্রামের আলী আকবর ও নাছির উদ্দিন, লক্ষ্মীপুর সদর থানার কামরুল হাছান, আবু ইউছুফ, কামাল হোসেন, সামছুদ্দিন ও মো. রাশেদ।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি রাতে নোয়াখালী শহরের জামে মসজিদ মোড় এলাকার দোকান (মুঠোফোন বিক্রয়কেন্দ্র) বন্ধ করে দুই ভাই ফিরোজ কবির, সামছুল কবির এবং তাঁদের দোকানের কর্মচারী সুমন পাল বাসায় ফিরছিলেন। পথে নাপিতের পোল এলাকায় তাঁরা ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁদের তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সড়কের পাশে ফেলে দেন। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোন, প্রি-পেইড কার্ডসহ ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমন পালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফিরোজ কবির ও সামছুল কবিরকে ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজ কবির।
নিহত ফিরোজ কবিরের বাবা আবু বকর ছিদ্দিক ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা ও ডাকাতির অভিযোগে সুধারাম থানায় মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী রবিউল আউয়াল সাংবাদিকদের বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।