নোয়াখালীতে ঝড়ে বিদ্যালয় ও ৩০টি বসতঘর বিধ্বস্ত

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে গতকাল শনিবার ভোররাতে ঝড়ে একটি প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ৩০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শনিবার ভোররাতে অশ্বদিয়া ইউনিয়নের বক্তারপুর ও আশপাশের গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধাপাকা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া ঝড়ে বক্তারপুরের ৮-১০টি এবং মাছিমপুর, আইয়ুবপুর, বদরপুর ও মুকিমপুর গ্রামের আরও কমপক্ষে ২০টি কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়।
আইয়ুবপুর ও মাছিমপুর এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহিম বলেন, ঝড়ে তাঁর ওয়ার্ডের ১২টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া এলাকার বেশ কিছু গাছপালা ও বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে।
বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম বলেন, বিদ্যালয়ের একমাত্র আধাপাকা ঘরে শিক্ষার্থীদের পাঠদান করা হতো। কিন্তু ঘরটি ঝড়ে বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন শেখ বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি দেখে আসার জন্য সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহিম বলেন, ঝড়ের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে। এতে শাকসবজির বেশ ক্ষতি হয়েছে।
এ ছাড়া ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালবন লাইন ছিঁড়ে যাওয়ায় গতকাল ভোর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বক্তারপুর গ্রামের হেলাল মিয়া বলেন, ঝড়ে তাঁর বসতঘরসহ দুটি ঘর বিধ্বস্ত হয়েছে। এখন তাঁর মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। দুপুর পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ তাঁদের দেখতেও আসেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম বলেন, ঝড়ের খবর তিনি শুনেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন।