নোয়াখালীতে ঝড়ে বিধ্বস্ত ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান!
ঝড়ে বিধ্বস্ত জরাজীর্ণ ভবনে চলছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান।
সরেজমিনে দেখা যায়, আধাপাকা টিনশেড ভবনের অর্ধেকের বেশি অংশ জুড়ে চাল নেই। শ্রেণিকক্ষের সিলিংগুলো ভেঙে পড়ছে। কক্ষের চারপাশের দেয়াল থেকে আস্তর খসে পড়ে ইটগুলোও ঝরে পড়ছে। ভবনের সামনের বারান্দার পিলারগুলো ভাঙা পড়ে আছে। দরজা-জানালার অবস্থাও খুব একটা ভালো নয়। এ অবস্থায় ভবনের ভেতর চলছে প্রথম শ্রেণির পাঠদান।
শিক্ষার্থী জহির উদ্দিন ও বিবি আমেনা বলে, চাল ভাঙা হওয়ায় বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। বৃষ্টির পানিতে অনেক সময় বই-খাতাও ভিজে যায়। এ ছাড়া, শ্রেণিকক্ষের পাশের দেয়ালেও ফাটল ধরেছে। এ অবস্থায় শ্রেণিকক্ষে বসতেও ভয় লাগে।
অভিভাবক রহিম উল্লা বলেন, বিদ্যালয় ভবনটি এমনিতেই জরাজীর্ণ। তার ওপর ঝড়ে বিধ্বস্ত হয়েছে। জরাজীর্ণ ভবনে শিশুসন্তানকে পাঠাতে নিজেরও ভয় হয়।
সহকারী শিক্ষক অলিউদ্দিন বলেন, আধাপাকা ভবনটি এমনিতেই জরাজীর্ণ। গত ২৯ মে আকস্মিক ঘূর্ণিঝড় ভবনের দুই-তৃতীয়াংশ চালা উড়িয়ে নিয়ে যায়।
প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, বিদ্যালয়ের এই আধাপাকা ভবনটি ছাড়াও আরও একটি একতলা পাকা ভবন রয়েছে। সেটিও বৃষ্টির সময় ছাদ ঘেমে পানি পড়ে। আধাপাকা বিধ্বস্ত এই ভবনটির বর্তমানে যে অবস্থা তাতে ভবনটিতে পাঠদান করা কোনোভাবেই নিরাপদ নয়।