নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত
নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকায় চৌমুহনী-মাইজদী সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আবদুর রহিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম নোয়াখালী পৌরসভার দেবীপুর গ্রামের আবুল বাশারের ছেলে। তিনি মাইজদী বাজার এলাকার একটি বেকারির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত দেড়টার দিকে আবদুর রহিম শহর থেকে বেকারির টেম্পোর সঙ্গে মাইজদী বাজারের দিকে যাচ্ছিলেন। টেম্পোটি মাইজদী বালিকা বিদ্যানিকেতনের সামনে গেলে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক টেম্পোটিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় টেম্পোটি উল্টে যায়। এতে বেকারির শ্রমিক আবদুর রহিম ও অজ্ঞাত চালক (২৮) আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।