সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে নোয়াখালীর তিনটি উপজেলায় বিপুলসংখ্যক গবাদিপশুর মৃত্যু হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, গতকাল শনিবার পর্যন্ত ৭৯৪টি গরু, মহিষ ও ভেড়া মারা গেছে। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী ২ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে স্থানীয় সূত্রের দাবি, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কয়েক হাজার গবাদিপশু।
হাতিয়ার জাহাজ্জারচরের খামারমালিক রহিম উল্লা বলেন, ঠান্ডাজনিত অসুস্থতায় তাঁর ১২৫টি গরু মারা গেছে। তিনি প্রথম আলোকে বলেন, অতীতে প্রাকৃতিক দুর্যোগ হলেও এবারের মতো ক্ষতি তাঁদের কখনো হয়নি। গবাদিপশুর চারণভূমি হিসেবে পরিচিত এই চরের সব খামারিই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও হাতিয়ার বিভিন্ন এলাকার কয়েকজন খামারমালিক বলেন, তিনটি উপজেলায় দুই শতাধিক খামারি আছেন। এর মধ্যে শুধু হাতিয়ার জাহাজ্জারচরেই আছেন অন্তত ১০০ খামারি। খামারিরা দেশি জাতের গরু, ভেড়া, ছাগল ও মহিষ পালন করেন।
খামারিরা জানান, সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অনেক গরু, মহিষ ও ভেড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। এরপর পশুগুলোর মুখ দিয়ে লালা বের হতে থাকে এবং একে একে সেগুলো মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, জাহাজ্জারচরে ছড়িয়ে-ছিটিয়ে আছে মৃত গবাদিপশু। একসঙ্গে অনেক গবাদিপশু মারা যাওয়ায় সেগুলো মাটি চাপা দেওয়া সম্ভব হয়নি।
সুবর্ণচর উপজেলার আক্তার মিয়ারহাটে অবস্থিত মিল্ক ভিটা সমিতির পরিদর্শক কেফায়েত উল্লা প্রথম আলোকে বলেন, সমিতির আওতাভুক্ত হাতিয়ার জাহাজ্জারচরের খামারিদের দেড় হাজারের মতো গরু, মহিষ ও বাছুর মারা গেছে। এতে কয়েক দিন ধরে জাহাজ্জারচর থেকে দুধের সরবরাহ কমে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় গতকাল পর্যন্ত ৩ হাজার ৬৩৩টি গরু, ২ হাজার ২৫টি মহিষ, ৩০০টি ছাগল, ২ হাজার ৫৫১টি ভেড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, গতকাল পর্যন্ত ৩৪৫টি গরু, ৬৮টি মহিষ ও ৩৮১টি ভেড়া মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। মৃত পশুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রাণিসম্পদ বিভাগের লোকজন সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, প্রাথমিক হিসাবে এ পর্যন্ত ২ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।