নোয়াখালীর কোম্পানীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সরদার এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার মুছাপুর ইউনিয়নের মো. রুবেল (২৫), রামপুর ইউনিয়নের আলীর ডগি এলাকার মো. কুদ্দুস ওরফে লিটন (৩২) ও বসুরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন ওরফে স্বপন (২৩)। এঁদের মধ্যে প্রথম দুজনকে দেড় বছর এবং তৃতীয়জনকে দুই বছরের সাজা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকালে বসুরহাট কলেজ গেট, রামপুর ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ী রুবেল, কুদ্দুস ও মহিউদ্দিনকে আটক করা হয়। আটক করার সময় তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০০ গ্রাম করে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে হাজির করা হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সরদার অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কালাম ও কুদ্দুসকে দেড় বছর এবং মহিউদ্দিনকে দুই বছরের কারাদণ্ড দেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, তিনি নিজেই গাঁজাসহ ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।