নোয়াখালীতে দিঘি থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ইসলাম বাজারের পার্শ্ববর্তী ঘোষকামতা গ্রামের স্বর্ণদিঘি থেকে অজ্ঞাতনামা এক শিশুর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ৷
গতকাল শনিবার স্থানীয় ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে স্থানীয় লোকজন ওই দিঘির পাড় দিয়ে যাওয়ার সময় পানিতে লাশ ভাসতে দেখেন৷ এরপর তাঁরা বিষয়টি থানার পুলিশকে অবহিত করেন৷ সকাল নয়টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশের একটি দল গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে৷
তবে স্থানীয় কিংবা আশপাশের কেউ ওই শিশুর পরিচয় নিশ্চিত করতে পারেননি৷ পরে পুলিশ লাশটি থানায় নিয়ে আসে এবং দুপুরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়৷ ময়নাতদন্ত শেষ হওয়া পর্যন্ত পরিচয় পাওয়া না গেলে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে৷
জানতে চাইলে পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ৷ প্রথম আলোকে তিনি বলেন, লাশ দেখে পানিতে ডুবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছে৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷