নোয়াখালীতে দুই দল গ্রামবাসীর মারামারি ভাঙচুর, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর বটতলা বাজারে দুই দল গ্রামবাসীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি ধাওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে মাহমুদুল হোসেন (২০), আকরাম হোসেন (৩০) ও মো. সহিদকে (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ছাড়া আহত বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের মাঠে মাওলারটেক ও বটতলা এলাকার যুবকদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে ওই দিন রাতে বটতলা বাজারে দুই পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের ওই ঘটনার জের ধরে গত শনিবার সন্ধ্যার পর উভয়পক্ষ বটতলা বাজারে মহড়া দেয়। যার একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই পক্ষ পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারিতে লিপ্ত হয়। রাত সাড়ে নয়টা পর্যন্ত দফায় দফায় এ পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে গ্রামের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়ায় এ বিষয়ে কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি।