নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে সদর উপজেলার খলিপারহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ মো. সোহাগ ও মো. মুন্নাকে একটি বেসরকারি হাসপাতালে এবং রফিক উল্লা ও বশির আহম্মেদকে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, পূর্বশত্রুতা ও বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহির উদ্দিন ও মো. শিপনের লোকজনের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার রাত আটটার দিকে দুজনের লোকজন বাজারে অবস্থান নিলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।
খলিপারহাট বাজারের ব্যবসায়ীরা জানান, সংঘর্ষের সময় গুলির শব্দ শোনা যায় এবং কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। বাজারের পাঁচটি দোকানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। সুধারাম থানা পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের বিষয়ে জহির উদ্দিন ও শিপনের সঙ্গে গতকাল শনিবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।