নোয়াখালীতে দুই মাদক ব্যবসায়ীর এক বছর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে এবং তার আগে শুক্রবার রাতে এ সাজা দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ মাদক ব্যবসায়ী নুর হোসেনকে (৩০) পাঁচটি ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে। এরপর রাতেই তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়।
ইউএনও রহিমা খাতুন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুর হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত নুর হোসেন কালিকাপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। গতকাল রোববার সকালে তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গতকাল রোববার দুপুরে একই গ্রামে অভিযান চালিয়ে আরেক মাদক ব্যবসায়ী মো. শাকিলকে (২৫) পাঁচটি ইয়াবাসহ আটক করে পুলিশ। বিকেলে শাকিলকে ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। এরপর ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকেও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালতের আদেশের পর শাকিলকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।