নোয়াখালীর বেগমগঞ্জ ও সুবর্ণচর উপজেলায় নারী নির্যাতনের আলোচিত দুই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় মামলা দায়েরের পর প্রায় তিন সপ্তাহ এবং অপর ঘটনায় দুই সপ্তাহ পার হয়েছে।
সুবর্ণচরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে।
গত ২৪ অক্টোবর রাতে বাবা-মার অনুপস্থিতিতে বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের গয়েসপুর গ্রামের বখাটে রিপনের হাতে ধর্ষণের শিকার হয় পার্শ্ববর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামের স্কুলছাত্রী রোজিনা আক্তার। ঘটনার পর বাড়ির লোকজন রিপনকে আটকে রাখেন। কিন্তু ভোরে গয়েসপুর গ্রামের একদল যুবক এসে রিপনকে ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় রোজিনাকে অপমানজনক কথা বলে। এতে রোজিনা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রোজিনা নরোত্তমপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় নিহত রোজিনার বাবা আবুল হাশেম বাদী হয়ে মেয়েকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বখাটে রিপনসহ চারজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এখনো অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করেতে পারেনি।
স্থানীয় বাসিন্দা আইয়ুব হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার মতো এমন একটি আলোচিত ঘটনার আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারছে না, এটা মেনে নেওয়া যায় না। পুলিশ যথাযথভাবে চেষ্টা করলে এত দিনে নিশ্চই সফল হতো।’
তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, আসামিদের গ্রেপ্তারে একাধিকার অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা এলাকাছাড়া হওয়ায় গ্রেপ্তার করা যাচ্ছে না।
অপর দিকে, সুবর্ণর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে এক কিশোরী (১৪) গত ১৭ অক্টোবর চর বজলুল করিম গ্রামের এক যুবকের হাতে ধর্ষণের শিকার হয়। ঘটনার পর সালিসের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে এক লাখ ১৯ হাজার টাকা আদায় করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্য বেলাল উদ্দিন ও সফি আলম।
কিন্তু জরিমানার টাকা তাঁরা ভিকটিমের পরিবারকে না দিয়ে নিজেদের কাছে রেখে দেন। তবে, অভিযুক্ত বেলাল উদ্দিন সালিসের কথা স্বীকার করলেও জরিমানার কথা অস্বীকার করেছেন। আর সফি আলম সালিস-জরিমানা দুটোই অস্বীকার করেছেন।
এ ঘটনায় ২১ অক্টোবর ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক ও সালিসদারদের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করেন ভিকটিমের বড় ভাই। কিন্তু গতকাল পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার বাদী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
তদন্তকারী কর্মকর্তা চরজব্বার থানার এসআই টমাচ বড়ুয়া দাবি করেন, ‘প্রধান আসামি সম্ভবত দেশ ছেড়ে পালিয়েছে। আর অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রকাশ্যে ঘোরাফেরা করার পর গ্রেপ্তার না করা সংক্রান্ত বাদীর অভিযোগ ঠিক নয়।