নোয়াখালীতে নলকূপ দিয়ে বের হওয়া গ্যাস পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশলাই জ্বালিয়ে নলকূপের মুখে ধরতেই ধপ করে জ্বলে ওঠে আগুন l ছবি: প্রথম আলো
দেশলাই জ্বালিয়ে নলকূপের মুখে ধরতেই ধপ করে জ্বলে ওঠে আগুন l ছবি: প্রথম আলো

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের একটি পরিদর্শক দল। গত রোববার তিন সদস্যের পরিদর্শক দলটি নলকূপের পাইপ দিয়ে বের হওয়া গ্যাস পরীক্ষা করে দেখেন।
স্থানীয় সূত্র জানায়, পরিদর্শক দলটি নলকূপের পাইপের মুখে আগুন জ্বালিয়ে দেখে। পাশাপাশি আলাদা পাইপ লাগিয়েও আগুন জ্বালিয়ে গ্যাসের চাপ পরীক্ষা করে। এ ছাড়া তারা বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে।
পরিদর্শক দলের প্রধান বাপেক্সের উপমহাব্যবস্থাক (ডিজিএম) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, নলকূপের পাইপ দিয়ে যে পরিমাণ গ্যাস বের হচ্ছে, তার চাপ খুব বেশি নয়। এর পরও নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে। পরীক্ষার পর বলা যাবে কী ধরনের গ্যাস সেখানে আছে। তিনি বলেন, ভূগর্ভে থাকা ‘পকেট গ্যাসও’ এভাবে নলকূপের পাইপ দিয়ে বের হতে পারে। এ গ্যাস থেকে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য নলকূপটি বন্ধ করে দিতে বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, প্রায় দেড় মাস আগে বিদ্যালয়ের সামনে প্রায় ২৫০ ফুট গভীর একটি নলকূপ বসানো হয়। নলকূপটি বসানোর পর থেকে ভেতরে থেমে থেমে শব্দ শোনা যায়। কৌতূহলবশত এলাকার ছেলেরা দেশলাই জ্বালিয়ে নলকূপের মুখে ধরতেই ধপ করে আগুন জ্বলে ওঠে।