নোয়াখালীতে নিয়মিত বিদ্যুৎবিভ্রাট!
পুরোনো বিতরণ লাইন দিয়ে নোয়াখালীতে গ্রাহকসেবা দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ধারণক্ষমতার অতিরিক্ত লোড নেওয়ার কারণে বিতরণ লাইন ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এখন জেলা শহরে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কিছু কিছু জায়গায় বিতরণ লাইন ৫০ বছরের পুরোনো। এ ছাড়া ট্রান্সফরমারগুলোও বেশ কয়েক বছরের পুরোনো। গত দুই মাসে পাঁচটি ট্রান্সফরমার বিকল হয়েছে।
বিউবোর নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, পাকিস্তান আমলে ষাটের দশকের শেষ দিকে নোয়াখালী শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে পর্যায়ক্রমে শহরতলির বিভিন্ন এলাকায় লাইন সম্প্রসারণ করা হয়। চৌমুহনী গ্রিড সাবস্টেশন থেকে ৩৩ কেভিএ লাইনের মাধ্যমে শহরের জেলখানা সড়ক ও দত্তেরহাটের সাবস্টেশনে বিদ্যুৎ আনা হয়। কিন্তু অর্ধশত বছরের পুরোনো বিদ্যুতের লাইন হওয়ায় প্রায়ই তার ছিঁড়ে যাচ্ছে। ট্রান্সফরমার বিকল হচ্ছে। সর্বশেষ ১৯৯০ সালের দিকে বিদ্যুতের কিছু লাইন সংস্কার করা হয়।
নাম না প্রকাশের শর্তে কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, অতিরিক্ত লোডের কারণে ঘন ঘন ট্রান্সফরমার বিকল হচ্ছে। বিকল ট্রান্সফরমার মেরামত করতে গিয়ে আরও বেশি বিড়ম্বনার শিকার হতে হয়। কারণ, ট্রান্সফরমার বিকল হলে তা মেরামত করার জন্য যেতে হয় বিউবোর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে। নতুন ট্রান্সফরমারও একই কার্যালয় থেকে দেওয়া হয়। সেখানে টাকা না দিলে সহজে কাজ হয় না। এ কারণে অনেক সময় গ্রাহকদের কাছ থেকে চাঁদা তুলতে হয়।
মাইজদী বাজার এলাকার গ্রাহক আবদুল খালেক প্রথম আলোকে বলেন, প্রায় দুই সপ্তাহ আগে তাঁদের বাড়ির পাশের ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। এখন ভ্রাম্যমাণ একটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিউবোর নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত আলী প্রথম আলোকে বলেন, এখানকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নানা সমস্যায় জর্জরিত। কোনোরকমে জোড়াতালি দিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু রাখা হয়েছে। আধুনিক যন্ত্রপাতি নেই, তার ও ট্রান্সফরমারসহ বেশির ভাগ সরঞ্জামাদি পুরোনো। এতে গ্রাহকেরা যেমন দুর্ভোগ পোহাচ্ছেন। আবার গ্রাহকেরা বিদ্যুৎবিভ্রাট হলে কার্যালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।
নির্বাহী প্রকৌশলী বলেন, নোয়াখালীর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। নতুন দুটি সাবস্টেশন নির্মাণের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আর সব সমস্যা সমাধানের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া জরুরি। তাহলে বিদ্যুৎ নিয়ে গ্রাহকদের অভিযোগ আর থাকবে না।