নোয়াখালীতে পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে গতকাল শুক্রবার পুকুরে ডুবে শিশুবয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলো ধর্মপুর গ্রামের সৌদিপ্রবাসী শহীদ উল্লার যমজ ছেলে মাহমুদ হাসান ও মাইনুল হোসেন। তাদের বয়স ছিল ১ বছর ৭ মাস।
রামনারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লেয়াকত আলী নিহত শিশুদের পরিবারের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, সকালে দুই ভাই তাদের ঘরের পাশে খেলা করছিল। সকাল ১০টার দিকে হঠাৎ দুজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। পরে বেলা ১১টার দিকে ঘরের পাশের পুকুরে দুই ভাইয়ের লাশ ভাসতে দেখা যায়।
এদিকে গতকাল দুপুরে উপজেলার পরকোর্ট ইউনিয়নের চোসালিয়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, দুই শিশুর মৃত্যুর বিষয়টি থানায় কেউ জানাননি।