নোয়াখালীতে পুলিশসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র রহমান ইকবাল ইকুকে (১৬) থানায় ধরে নিয়ে নির্যাতনের অভিযোগে দুই পুলিশ ও এক আনসার সদস্যের বিরুদ্ধে পিটিশন মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইকুর বাবা মোস্তফা ইকবাল নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন।
মামলায় বিবাদীরা হলেন নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নবজৌতি খিসার গাড়িচালক কে জয় মারমা ও আনসার সদস্য মো. লিয়াকত। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের আদেশ জানা যায়নি।
বাদী মোস্তফা ইকবালের অভিযোগ, ঈদুল আজহার আগের দিন রাতে তাঁর ছেলে জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটে বোনের বাসা থেকে রিকশাযোগে সোনাপুর এলাকায় বাসায় ফিরছিল। রাত ১১টার দিকে সে পৌরসভা মোড়ে যানজট দেখে রিকশা থেকে নেমে হেঁটে রওনা দেয়। এ সময় পুলিশের গাড়িচালক কে জয় মারমা ও লিয়াকতসহ তিনজন তাঁর ছেলেকে জামার কলার ধরে টেনেহিঁচড়ে থানায় নিয়ে মারধর করে। পরে রাত ১২টার দিকে তিনি থানায় গিয়ে ছেলেকে নিয়ে আসেন।
মোস্তফা ইকবাল বলেন, তিনি তাৎক্ষণিক বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানালে তিনি ঘটনার যথাযথ বিচারের আশ্বাস দেন। কিন্তু গতকাল পর্যন্ত তিনি বিচার না পেয়ে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন।
এএসপি নবজৌতি খিসা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এক প্রতিবন্ধী যুবকের মুঠোফোন ছিনতাই হওয়ার কিছুক্ষণ পর ওই যুবকই মোস্তফা ইকবালের ছেলেকে দেখে চিৎকার করে ওঠেন। এ সময় লোকজন তাকে ধরে মারধর করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। পরে তার বাবা এলে তাঁর জিম্মায় দেওয়া হয়। পুলিশ ছেলেটিকে মারধর করেনি।