নোয়াখালীতে পৃথক ঘটনায় নারীসহ দুজন খুন
নোয়াখালীতে পৃথক হামলার ঘটনায় এক নারীসহ দুজন খুন হয়েছেন। জেলার কোম্পানীগঞ্জের চর কাঁকড়ায় গতকাল শনিবার ও সুবর্ণচরের চর আমিনুল হক গ্রামে শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চর কাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোলাম মাওলা (৬২) ও চর জব্বার ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সিরাজ উল্লার স্ত্রী কামরুন নাহার (৩২)। খবর পেয়ে নিজ নিজ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জের চর কাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজি বাড়ির রুহুল আমিন ও শাহীনের মধ্যকার বিরোধ নিয়ে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক শেষে ফেরার পথে একই এলাকার মিজানুর রহমানের নেতৃত্বে পাঁচ-ছয়জন যুবক অতর্কিতে গোলাম মাওলার ওপর হামলা চালায়।
মিজানুর রহমান চর কাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, মিজানুর ও তাঁর সহযোিগদের হামলায় গোলাম মাওলা গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার জের ধরে বিকেলে স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা খুনের ঘটনায় অভিযুক্ত মিজানুরের বাড়িতে হামলা চালায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার প্রধান অভিযুক্ত মিজানুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে৷
অপরদিকে, শুক্রবার দুপুরে চর জব্বার ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের সিরাজ উল্লার বাড়ির পুকুরের পানিতে মহিষের গোসল করাতে যান একই এলাকার মো. আজাদ। সিরাজ উল্লার স্ত্রী কামরুন নাহার এতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরে আজাদ ও তাঁর সহযোগীরা কামরুন নাহারকে মারধর করেন।
এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে রাত দুইটার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁর বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
সুবর্ণচরের চর জব্বার থানার উপপরিদর্শক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মো. কচি নামে একজনকে আটক করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।