নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর বিআরটিসির বাস ডিপো ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে তিনজন। গতকাল রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সোনাপুর বিআরটিসির বাস ডিপো থেকে একটি বাস মাইজদী-সোনাপুর সড়কে ওঠার সময় মাইজদী থেকে সোনাপুরগামী একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আরমান হোসেন (৩০) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন চারজন।
অন্যদিকে, গতকাল সকাল ১০টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের দক্ষিণ সোনাপুর এলাকায় একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. সজিব নিহত হন।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর বাস দুটির চালক ও সহকারী পালিয়ে যান।