নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের সিরাজ উদ্দিন (৬৫) ও নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া এলাকার হোসনে আরা বেগম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে চৌমুহনী থেকে ছেড়ে যাওয়া একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশার চালক সিরাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দেড়টার দিকে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার চাপায় পথচারী হোসনে আরা বেগম ঘটনাস্থলে নিহত হন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।