নোয়াখালীতে প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় আবদুল ওয়াহেদ ওরফে জসিম (৪২) নামের এক প্রবাসীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। গতকাল বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত আবদুল ওয়াহেদকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি একই এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের ছেলে।
আবদুল ওয়াহেদের ছোট ভাই মো. ফয়সাল জানান, দু-তিন দিন আগে তাঁরা নিজস্ব জায়গার ভেতর বাড়ির সীমানায় প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। গতকাল বিকেল চারটার দিকে প্রতিপক্ষের লোকজন এসে কোনো কারণ ছাড়াই নির্মাণাধীন প্রাচীরের কলাম ভেঙে ফেলেন। এ সময় তাঁর বড় ভাই আবদুল ওয়াহেদ প্রতিবাদ করলে প্রতিপক্ষ অতর্কিতে ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।